The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThose who set the ranks [As-Saaffat] - Bengali Translation - Rowwad Translation Center
Surah Those who set the ranks [As-Saaffat] Ayah 182 Location Maccah Number 37
শপথ সেই ফিরিশতাদের, যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে।
অতঃপর শপথ সেই ফিরিশতাদের, যারা (আল্লাহর আদেশে মেঘমালাকে) প্রবলভাবে তাড়িত করে।
অতঃপর শপথ সেই ফিরিশতাদের, যারা উপদেশবাণী (আল কুরআন) তিলাওয়াত করে।
নিশ্চয়ই তোমাদের ইলাহ অবশ্যই এক।
তিনি আসমানসমূহ, জমিন ও এ দু’য়ের মধ্যে যা আছে তার রব এবং উদয়স্থলসমূহেরও রব।
নিশ্চয় আমি (জমিনের) নিকটবর্তী আসমানকে নক্ষত্ররাজির সৌন্দর্যের দ্বারা সুশোভিত করেছি।
আর আমি (আসমানকে) প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে হিফাযত করেছি।
ফলে তারা ঊর্ধ্বজগতের প্রত্যাদেশের কিছু শুনতে পারে না। আর তাদের প্রতি সব দিক থেকে নিক্ষেপ করা হয় (উল্কাপিণ্ড)।
তাদেরকে বিতাড়িত করার জন্য। আর তাদের জন্য রয়েছে (পরকালের) অব্যাহত শাস্তি।
তবে কেউ (শয়তান) গোপনে হঠাৎ কিছু শুনে ফেললে , তাকে পিছু তাড়া করে জ্বলন্ত উল্কাপিণ্ড।
সুতরাং, হে রাসূল! তাদেরকে জিজ্ঞাসা কর, ‘সৃষ্টি হিসেবে তারা বেশি শক্তিশালী, না আমি অন্য যা সৃষ্টি করেছি তা?’[১] নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে।
বরং তুমি বিস্মিত হচ্ছো; আর তারা বিদ্রুপ করছে।
আর যখন তাদেরকে (উপদেশ বাণী) স্মরণ করিয়ে দেয়া হয়, তখন তারা স্মরণ করে না।
আর যখন তারা কোনো নিদর্শন দেখে তখন বিদ্রুপ করে।
আর তারা বলে: ‘এতো স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয়!’
‘আমরা যখন মারা যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হবো?’
‘আর আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণও (পুনরুত্থিত হবে)?’
হে রাসূল! তুমি তাদেরকে বলো: ‘হ্যাঁ। আর তোমরা অপমানিত-লাঞ্ছিত হবে।’
তা হবে কেবল এক বিকট আওয়াজ। আর তৎক্ষণাৎ তারা[১] দেখতে পাবে।
আর তারা বলবে: ‘হায় আমাদের ধ্বংস, এটাই তো[১] প্রতিদান সেই দিবস!’
এটাই ফয়সালা করার দিন, যা তোমরা অস্বীকার করতে।
(সেদিন ফিরিশতাদেরকে বলা হবে:) ‘ একত্রিত কর যালিম ও তাদের সঙ্গী-সাথীদেরকে এবং তাদেরকে যাদের ইবাদাত তারা করত,
‘আল্লাহকে বাদ দিয়ে । আর তাদেরকে জাহান্নামের আগুনের পথে নিয়ে যাও।’
‘আর তাদেরকে থামাও, অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে।’
‘তোমাদের কী হল, তোমরা একে অপরকে সাহায্য করছ না?’[১]
বরং তারা হবে আজ আত্মসমর্পণকারী।[১]
আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবে,
তারা বলবে: ‘তোমরাই তো আমাদের কাছে দ্বীন ও হকের দোহাই দিয়ে আসতে।’[১]
প্রতিউত্তরে তারা বলবে:[১] ‘বরং তোমরা তো মু’মিন ছিলে না।’
‘আর তোমাদের ওপর তো আমাদের কোন কর্তৃত্ব ছিল না; বরং তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।’
‘তাই আমাদের বিরুদ্ধে আমাদের রবের (শাস্তির) বাণী সত্য হয়েছে; নিশ্চয় আমরা তা আস্বাদন করব।’
‘আর আমরা তোমাদেরকে[১] বিভ্রান্ত করেছিলাম; কারণ আমরা নিজেরাই ছিলাম বিভ্রান্ত।’
নিশ্চয় তারা[১] সেদিন শাস্তিতেও একইভাবে অংশীদার হবে।
নিশ্চয় অপরাধীদের সাথে আমি এমন আচরণই করে থাকি।[১]
নিশ্চয়ই তাদেরকে যখন বলা হতো, ‘আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই’, তখন তারা অহংকার করত।
আর তারা বলত: ‘আমরা কি এক পাগল কবির (মুহাম্মাদের) কথায় আমাদের উপাস্যদের ছেড়ে দিবো?’
বরং তিনি সত্য নিয়ে এসেছেন এবং পূর্ববর্তী রাসূলদের সত্যায়ন করেছেন।
হে মুশরিকরা! অবশ্যই তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদনকারী।
আর তোমরা যে আমল করতে, (আজ) শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হবে।
অবশ্য আল্লাহর একনিষ্ঠ বান্দারা ছাড়া (তারা তা থেকে রেহাই পাবে);
তাদের জন্য (জান্নাতে) থাকবে নির্ধারিত রিযক,
ফলমূল; আর তারা[১] সম্মানিত হবে,
নি‘আমত-পূর্ণ জান্নাতে,
তারা পরস্পরের মুখোমুখি হয়ে আসনসমূহের উপর অবস্থান করবে।
তাদের চারপাশে ঘুরে ঘুরে প্রবাহমান ঝরনা থেকে ভরা সুরাপাত্র পরিবেশন করা হবে।
তা সাদা বর্ণের, পানকারীদের জন্য সুস্বাদু।
তাতে থাকবে না ক্ষতিকর কিছু এবং তারা এগুলো দ্বারা মাতালও হবে না।
(জান্নাতে) তাদের কাছে থাকবে আনতনয়না[১], ডাগরচোখা (হূর)।
তারা যেন সুরক্ষিত ডিম।[১]
অতঃপর তারা (জান্নাতীরা) মুখোমুখি হয়ে পরস্পরকে জিজ্ঞাসা করবে।
তাদের একজন বলবে: ‘(পৃথিবীতে) আমার একজন সঙ্গী ছিল।’
সে বলত: ‘তুমি কি সে লোকদের অন্তর্ভুক্ত যারা (পুনরুত্থানে) বিশ্বাস করে?’
‘আমরা যখন মরে যাব এবং (পচে-গলে) মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমাদেরকে প্রতিফল দেয়া হবে?’
সে বলবে: ‘তোমরা কি উঁকি দিয়ে[১] দেখতে চাও?’
অতঃপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে (পৃথিবীর সঙ্গীকে) জাহান্নামের মধ্যস্থলে দেখতে পাবে।
সে বলবে: ‘আল্লাহর শপথ! তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে।’[১]
‘ আমার রবের অনুগ্রহ না থাকলে, আমিও তো (জাহান্নামে) হাযিরকৃতদের একজন হতাম।’
‘তাহলে আমরা (জান্নাতবাসীরা) কি আর মৃত্যুবরণকারী হব না?
‘(দুনিয়ার জীবনে) আমাদের প্রথম মৃত্যু ছাড়া। আর আমরা শাস্তিপ্রাপ্ত হব না।’[১]
‘নিশ্চয় এটি[১] মহাসাফল্য!’
এরূপ সাফল্যের জন্যই আমলকারীদের আমল করা উচিত।
আপ্যায়নের জন্য এগুলো[১] উত্তম না যাক্কূম বৃক্ষ?[২]
নিশ্চয় আমি তাকে (যাক্কুম বৃক্ষকে) যালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষাস্বরূপ।[১]
নিশ্চয়ই তা এমন এক বৃক্ষ, যা জাহান্নামের মূল থেকে উদ্গত হয়।
এর ফল যেন শয়তানের মাথা;[১]
নিশ্চয় তারা (জাহান্নামীরা) তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে।
অতঃপর নিশ্চয়ই তাদের জন্য এর উপর থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।
তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের আগুনেরই দিকে।
নিশ্চয় এরা (জাহান্নামীরা) নিজেদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল;[১]
ফলে তারাও (ভ্রষ্টতার পথে) তাদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটে চলেছিল।
আর অবশ্যই তাদের পূর্বে অধিকাংশ পূর্ববর্তী লোকই পথভ্রষ্ট হয়েছিল।
আর অবশ্যই আমি তাদের কাছে সতর্ককারী রাসূলদেরকে পাঠিয়েছিলাম;
সুতরাং (হে রাসূল!) তুমি দেখ, যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের পরিণতি কী হয়েছিল!
তবে আল্লাহর একনিষ্ঠ বান্দারা ছাড়া।
আর অবশ্যই নূহ আমাকে ডেকেছিল, আর আমি কতইনা উত্তম সাড়াদানকারী!
আর আমি তাকে ও তার পরিজনকে মহাবিপদ (মহা প্লাবন) থেকে উদ্ধার করেছিলাম।
আর তার (মু’মিন) বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম,
আর আমি পরবর্তীদের মধ্যে তার স্মরণ (সুনাম-সুখ্যাতি) রেখে দিয়েছিলাম।
সমগ্র সৃষ্টির মধ্যে নূহের উপর শান্তি বর্ষিত হোক।
নিশ্চয় আমি এভাবে সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।
নিশ্চয় সে ছিল আমার মু’মিন বান্দাদের একজন।
তারপর আমি অন্যদের (প্লাবনে) ডুবিয়ে দিয়েছিলাম।
আর নিশ্চয় ইবরাহীম তার দীনের অনুসারীদের অন্তর্ভুক্ত।
হে নবী! স্মরণ করো, যখন সে (শিরকমুক্ত হয়ে) বিশুদ্ধচিত্তে তার রবের নিকট উপস্থিত হয়েছিল।
যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল: ‘তোমরা (আল্লাহর পরিবর্তে) কিসের ইবাদাত করছ?’
‘তোমরা কি আল্লাহর পরিবর্তে মিথ্যা উপাস্যগুলোকে পেতে চাও?’
‘তাহলে সৃষ্টিকুলের রব সম্পর্কে তোমাদের ধারণা কী?’[১]
অতঃপর সে[১] তারকারাজির দিকে একবার দৃষ্টি দিল।
তারপর সে বলল: ‘আমি তো অসুস্থ।’
অতঃপর তারা তাকে পিছনে রেখে (মেলায়) চলে গেল।
তারপর চুপে চুপে সে তাদের দেবতাদের কাছে গেল এবং বলল: ‘তোমরা কি খাবে না?’
‘তোমাদের কী হয়েছে যে, তোমরা কথা বলছ না?’
অতঃপর সে তাদের ওপর ডান হাতে সজোরে আঘাত হানল।
তখন লোকেরা তার দিকে দ্রুত ছুটে আসল।
সে (ইবরাহীম) বলল: ‘তোমরা নিজেরা খোদাই করে যেগুলোকে বানাও, তোমরা কি সেগুলোরই উপাসনা কর?’
‘অথচ আল্লাহই তোমাদেরকে এবং তোমরা যা কিছু তৈরি কর, তা সৃষ্টি করেছেন।’
তারা বলল: ‘তার জন্য একটি স্থাপনা (অগ্নিকুণ্ড) তৈরি কর, তারপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর।’
অতঃপর তারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের ইচ্ছা করল; কিন্তু আমরা (আগুনকে সুশীতল বানিয়ে) তাদেরকেই পরাজিত করলাম।
আর সে (ইবরাহীম) বলল: ‘আমি আমার রবের দিকেই (হিজরত করে) যাচ্ছি, তিনি অবশ্যই আমাকে হিদায়াত করবেন।’
‘হে আমার রব! আমাকে সৎকর্মশীল একটি সুসন্তান দান করুন।’
অতঃপর তাকে আমি পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম।
অতঃপর সে (ইসমাঈল) যখন তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল: ‘হে আমার প্রিয় বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবহ (কুরবানী) করছি। অতএব দেখ তোমার কী অভিমত।’ সে বলল: ‘হে আমার পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তা-ই করুন। ইন শা’ আল্লাহ, আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।’
অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং ইবরাহীম তার পুত্রকে কাত করে শুইয়ে দিল।
তখন আমি তাকে ডেকে বললাম: ‘হে ইবরাহীম!
তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ।[১] নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।’
‘নিশ্চয় এটা ছিল সুস্পষ্ট এক পরীক্ষা।’
আর আমরা তাকে এক মহান কুরবানির বিনিময়ে মুক্ত করলাম।[১]
আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।
ইবরাহীমের প্রতি সালাম।
এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
নিশ্চয় সে আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল।
আর আমরা তাকে সুসংবাদ দিলাম ইসহাকের, যিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী হবেন।
আর আমি তার ওপর এবং ইসহাকের ওপর বরকত দান করেছি। আর তাদের বংশধরদের মধ্যে কিছু সংখ্যক ছিল সৎকর্মশীল এবং কিছু সংখ্যক নিজেদের প্রতি স্পষ্ট যুলমকারী।
আর নিশ্চয় আমি মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেছিলাম,
আর আমি তাদেরকে ও তাদের সম্প্রদায়কে মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।
আর আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।
আর আমি উভয়কে সুস্পষ্ট কিতাব (তাওরাত) দান করেছিলাম।
আর আমি দু’জনকেই সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম।
আর আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।
মূসা ও হারূনের প্রতি সালাম (শান্তি ও নিরাপত্তা)।
আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
নিশ্চয় তারা দু’জনই ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।
আর নিশ্চয় ইলইয়াসও ছিল রাসূলদের একজন।
যখন সে তার জাতিকে বলেছিল: ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?’
‘তোমরা কি ‘বা’ল’ (নামক দেবতা)-কেই ডাকবে, আর সর্বোত্তম সৃষ্টিকর্তাকে (আল্লাহকে) পরিত্যাগ করবে?
‘আল্লাহই তোমাদের একমাত্র রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও রব?’[১]
কিন্তু তারা তাকে (ইলইয়াসকে) মিথ্যারোপ করেছিল, ফলে তাদেরকে অবশ্যই (শাস্তির জন্য) উপস্থিত করা হবে।
আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া।
আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।
ইলইয়াসের প্রতি সালাম ।
নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
নিশ্চয় সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।
আর নিশ্চয় লূত ছিল রাসূলদেরই একজন।
হে রাসূল! তুমি স্মরণ করো সে সময়ের কথা, যখন আমি তাকে ও তার পরিবার পরিজন সকলকে (শাস্তি থেকে) রক্ষা করেছিলাম।
পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত (অবিশ্বাসী) এক বৃদ্ধা ছাড়া।[১]
অতঃপর আমি (অবিশ্বাসী) অবশিষ্টদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম।
আর (হে মক্কাবাসীরা! সিরিয়ায় গমনকালে) তোমরা নিশ্চয় তাদের (ধ্বংসাবশেষের) ওপর দিয়ে অতিক্রম করে থাক, সকালে
এবং রাতে।[১] তবুও কি তোমরা বুঝবে না?
আর নিশ্চয় ইউনুসও ছিল রাসূলদের একজন।
হে রাসূল! তুমি স্মরণ করো সে সময়ের কথা, যখন সে একটি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গিয়েছিল।
অতঃপর সে লটারিতে অংশ নিল, ফলে সে পরাজিতদের অন্তর্ভুক্ত হল।[১]
অতঃপর মাছটি তাকে গিলে ফেলল, তখন সে ছিল তিরস্কারযোগ্য অবস্থায়।[১]
অতঃপর সে যদি[১] আল্লাহর তাসবীহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হত,
তাহলে সে পুনরুত্থান দিবস পর্যন্ত তার (মাছের) পেটেই থেকে যেত।
অতঃপর আমি তাকে এক তৃণলতাহীন প্রান্তরে (সমুদ্রের তীরে) নিক্ষেপ করলাম এবং সে ছিল অসুস্থ।
আর আমি একটি ইয়াকতীন[১] গাছ তার ওপর উদগত করলাম।
এবং আমি তাকে (তার জাতির) এক লক্ষ বা তার চেয়েও বেশি লোকের কাছে পাঠালাম।
অতঃপর তারা ঈমান আনল, ফলে আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত (দুনিয়াকে) উপভোগ করতে দিলাম।
অতএব, (হে রাসূল!) তুমি তাদেরকে জিজ্ঞাসা কর, তোমার রবের জন্য কি কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান?[১]
নাকি আমি ফেরেশতাদেরকে নারী হিসেবে সৃষ্টি করেছি, আর তারা (এ বিষয়ে) প্রত্যক্ষদর্শী ছিল?
জেনে রাখ, তারা অবশ্যই তাদের মনগড়া কথা বলে যে,
‘আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন’ অথচ তারা অবশ্যই (এই দাবিতে) মিথ্যাবাদী।
আল্লাহ কি পুত্রসন্তানদের পরিবর্তে কন্যা সন্তানদের বেছে নিয়েছেন?
হে মুশরিকরা! তোমাদের কী হল? তোমরা কেমন বিচার করছ![১]
তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
নাকি তোমাদের কোন সুস্পষ্ট দলীল-প্রমাণ আছে?
অতএব তোমরা (নিজেদের দাবিতে) সত্যবাদী হলে, তোমাদের (প্রমাণবিশিষ্ট) কিতাব নিয়ে আস।
আর তারা আল্লাহ ও জিন জাতির মধ্যে একটা বংশসম্পর্ক সাব্যস্ত করেছে; অথচ জিন জাতি জানে যে, নিশ্চয় তাদেরকেও উপস্থিত করা হবে।
তারা আল্লাহ সম্পর্কে যা আরোপ করে, তা থেকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র।
তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া।[১]
সুতরাং তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,
তোমরা তাঁর বিরুদ্ধে কাউকে বিভ্রান্ত করতে সক্ষম নও।
শুধু জ্বলন্ত আগুনে প্রবেশকারী ছাড়া।[১]
আর (ফিরিশতাগণ বললেন:) ‘আমাদের প্রত্যেকের জন্যই একটা নির্ধারিত স্থান রয়েছে।
‘আর আমরা[১] তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান
এবং আমরা অবশ্যই তাঁর পবিত্ৰতা ও মহিমা ঘোষণাকারী।’
আর তারা অবশ্যই বলে আসছিল,
‘যদি আমাদের কাছে পূর্ববর্তীদের মত কোন উপদেশ (কিতাব) থাকত,
তাহলে অবশ্যই আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম।’[১]
অতঃপর তারা তা (আল কুরআন) অস্বীকার করল। অতএব শীঘ্রই তারা জানতে পারবে।
আর নিশ্চয় আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা পূর্ব নির্ধারিত হয়েছে যে,
নিশ্চয় তারা সাহায্যপ্রাপ্ত হবে।
আর নিশ্চয় আমার বাহিনীই (শত্রুদের ওপর) বিজয়ী হবে।
অতএব, হে রাসূল! তুমি তাদের থেকে কিছু কাল পর্যন্ত[১] মুখ ফিরিয়ে থাক।
আর তাদেরকে পর্যবেক্ষণ কর[১], অচিরেই তারাও দেখবে (শাস্তি)।
তারা কি আমার শাস্তির জন্যে তাড়াহুড়ো করছে?
আর যখন আল্লাহর শাস্তি তাদের আঙিনায় নেমে আসবে, তখন সতর্ককৃতদের সকাল কতই না মন্দ হবে!
হে রাসূল! তুমি আরো কিছু কাল পর্যন্ত তাদের থেকে মুখ ফিরিয়ে থাক।
আর হে রাসূল! তুমি তাদেরকে পর্যবেক্ষণ করো, অচিরেই তারা (শাস্তি) দেখতে পাবে।
তারা যা আরোপ করে তোমার রব তা থেকে পবিত্র মহান, সম্মান ও ক্ষমতার মালিক।
আর রাসূলদের প্রতি সালাম ।
আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই জন্য।

