The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesMount Sinai [At-tur] - Bengali Translation - Rowwad Translation Center
Surah Mount Sinai [At-tur] Ayah 49 Location Maccah Number 52
শপথ তূর পর্বতের,
শপথ লিখিত কিতাবের,
উন্মুক্ত কাগজের পাতায় (লিপিবদ্ধ)।
শপথ বায়তুল মা’মূরের[১],
আর শপথ সমুন্নত ছাদ তথা আকাশের,
এবং শপথ (অগ্নিতে) পরিপূর্ণ সমুদ্রের,
নিশ্চয় তোমার রবের শাস্তি অবশ্যম্ভাবী।
তা প্রতিহত করার কেউ থাকবে না।
যেদিন তীব্রভাবে আকাশ প্রকম্পিত হবে,
আর পর্বতমালা দ্রুতগতিতে চলতে থাকবে,
অতএব, সেদিন মিথ্যারোপকারীদের জন্য রয়েছে ধ্বংস।
যারা (দুনিয়ায়) খেল-তামাশায় মত্ত থাকে।
সেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে শক্তভাবে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে।
‘এটি সেই জাহান্নাম যা তোমরা অস্বীকার করতে।’
‘এটি (এই শাস্তি) কি যাদু, নাকি তোমরা দেখতে পাচ্ছ না!’
(আজ) তোমরা এই আগুনে দগ্ধ হও, তারপর (এখানে) তোমরা ধৈর্যধারণ করো বা না করো, উভয়ই তোমাদের জন্য সমান; তোমরা যা করতে, তারই প্রতিফল তোমাদেরকে দেয়া হচ্ছে।
নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতে ও অবারিত মহা ভোগসামগ্রীতে।
তাদের রব তাদেরকে যা দিয়েছেন (সেখানে) তারা তা উপভোগ করবে, আর তাদের রব তাদেরকে বাঁচাবেন জ্বলন্ত আগুনের শাস্তি থেকে।
‘তোমরা তৃপ্তি সহকারে খাও ও পান কর, (দুনিয়ায়) তোমরা যে আমল করতে তার প্রতিফল স্বরূপ।’
তারা সারিবদ্ধ সুসজ্জিত পালঙ্কে হেলান দিয়ে বসবে; আর আমি তাদেরকে ডাগরচোখা হূরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবো।
আর যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান-সন্ততিরাও ঈমানের সাথে তাদের অনুসরণ করেছে, আমি[১] তাদের সাথে (জান্নাতে) তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং তাদের (পিতামাতার) কর্মের (সাওয়াবের) কোন অংশই হ্রাস করবো না। প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্যই দায়ী।
আর আমি তাদেরকে বহু রকমের ফলমূল ও গোশতের যোগান দিতে থাকব, যা তারা কামনা করবে।
সেখানে তারা পরস্পরের মধ্যে পানপাত্র বিনিময় করবে; তথায় থাকবে না কোন অনর্থক কথাবার্তা এবং কোন পাপকাজও।
আর তাদের সেবায় চারপাশে ঘুরতে থাকবে কিশোরেরা; তারা যেন সুরক্ষিত মুক্তা।
আর তারা একে অপরের মুখোমুখি হয়ে[১] জিজ্ঞাসাবাদ করবে।
তারা বলবে, ‘নিশ্চয় পূর্বে আমরা আমাদের পরিবারের মধ্যে শঙ্কিত ছিলাম।’
‘অতঃপর আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন এবং (জাহান্নামের) উত্তপ্ত বায়ুর শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেছেন।’
নিশ্চয় আগেও আমরা আল্লাহকেই ডাকতাম। নিশ্চয় তিনি ইহসানকারী, পরম দয়ালু।
অতএব, হে রাসূল! তুমি উপদেশ দিতে থাকো; কারণ তোমার রবের অনুগ্রহে তুমি গণকও নও এবং পাগলও নও।
নাকি তারা বলে, ‘সে (মুহাম্মাদ) একজন কবি? আমরা তার মৃত্যুর প্রতীক্ষা করছি।’
হে রাসূল! বলো: ‘তোমরা (আমার মৃত্যুর) অপেক্ষায় থাকো! আমিও তোমাদের সাথে অপেক্ষায় থাকলাম।’
নাকি তাদের বুদ্ধি-বিবেচনাই তাদেরকে (মুহাম্মাদকে গণক ও পাগল বলার মত ভিত্তিহীন) এ ধরনের কথা বলতে উদ্বুদ্ধ করে? বরং তারা তো সীমালঙ্ঘনকারী এক জাতি।
নাকি তারা বলে, ‘সে (মুহাম্মাদ) নিজেই এটি রচনা করেছে’? বরং তারা ঈমান আনে না।
অতএব, তারা যদি সত্যবাদী হয়ে থাকে তবে এটার অনুরূপ কোনো বাণী নিয়ে আসুক।
তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, না কি তারা নিজেরাই স্রষ্টা?
তারা কি আসমান ও জমিন সৃষ্টি করেছে? বরং তারা[১] দৃঢ় বিশ্বাস করে না।
তোমার রবের (রিযকের) গুপ্তভাণ্ডার কি তাদের কাছে আছে, না কি তারা সব কিছু নিয়ন্ত্রণকারী?
নাকি তাদের কোন সিঁড়ি আছে, যাতে চড়ে তারা (ঊর্ধ্বলোকের কথা) শুনতে পায়; তাদের শ্রোতা স্পষ্ট প্রমাণ নিয়ে আসুক না?
তবে কি[১] আল্লাহর জন্য কন্যা সন্তান; আর তোমাদের নিজেদের জন্যে পুত্র সন্তান?
নাকি হে রাসূল! তুমি তাদের কাছে[১] পারিশ্রমিক চাও, যা তাদের কাছে জরিমানার বোঝা মনে হচ্ছে?
নাকি তাদের কাছে গায়িবের জ্ঞান আছে, যা তারা লিখছে?
নাকি তারা (তোমার বিরুদ্ধে) ষড়যন্ত্র করতে চায়? অতএব যারা কুফরী করে তারাই ষড়যন্ত্রের শিকার হবে।
নাকি আল্লাহ ব্যতীত তাদের অন্য কোন ইলাহ আছে? তারা যে শিরক করে তা থেকে আল্লাহ পবিত্র।
আর আকাশের কোন খণ্ড ভেঙ্গে পড়তে দেখলে তারা বলবে,‘এটি তো এক পুঞ্জীভূত মেঘমালা!’[১]
অতএব, হে রাসূল! তুমি তাদেরকে ছেড়ে দাও সেদিন পর্যন্ত যেদিন তারা বজ্রাঘাতে বেহুঁশ হয়ে ধ্বংস হবে।
যেদিন তাদের কোনো দুরভিসন্ধি কাজে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
আর নিশ্চয় যারা যুলম করবে তাদের জন্য থাকবে এছাড়া আরো শাস্তি[১]; কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।
হে রাসূল! তোমার রবের সিদ্ধান্তের ওপর ধৈর্যধারণ করো; কারণ তুমি আমার চোখের সামনেই আছো[১] এবং যখন তুমি (শয্যা ত্যাগ করে) জেগে ওঠো তখন তোমার রবের সপ্রশংস তাসবীহ পাঠ করো।
আর রাতের কিছু অংশে[১] এবং (রাত্রি শেষে) নক্ষত্রের অস্ত যাবার পর[২] তাঁর তাসবীহ পাঠ করো।

