The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThose who drag forth [An-Naziat] - Bengali Translation - Rowwad Translation Center
Surah Those who drag forth [An-Naziat] Ayah 46 Location Maccah Number 79
শপথ নির্মমভাবে (কাফিরদের রূহ) উৎপাটনকারী ফিরিশতাদের।
আর শপথ মৃদুভাবে (মু'মিনদের রূহ) বন্ধনমুক্তকারী ফিরিশতাদের।
আর শপথ সেই ফিরিশতাদের, যারা (আল্লাহর নির্দেশ পালনে) দ্রুতবেগে সাঁতরে চলে।
আরো শপথ (আল্লাহর নির্দেশ পালনে) তীব্র গতিতে এগিয়ে চলা ফিরিশতাদের।
অতঃপর শপথ সকল কার্যনির্বাহকারী ফিরিশতাদের।
সেদিন (শিঙ্গায় প্রথম ফুৎকারে) জমিন প্রকম্পিত হবে।
তাকে অনুসরণ করবে দ্বিতীয় কম্পনকারী (শিঙ্গাধ্বনি)।
সেদিন অনেক হৃদয় ভীত-সন্ত্রস্ত হবে।
তাদের দৃষ্টিসমূহ (অপমানে) অবনত থাকবে।
তারা বলে, ‘আমাদেরকে কি সত্যিই (মৃত্যুর পর) আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে?’
আমরা যখন জীর্ণ-ক্ষয়প্রাপ্ত হাড়ে পরিণত হব, তখনও (কি পুনরুত্থিত হব)?
তারা বলে: ‘তাহলে তা তো হবে, এক সর্বনাশা প্রত্যাবর্তন।’
বস্তুত তা তো হবে মাত্র একটি প্রবল হুংকার।
তৎক্ষণাৎ তারা[১] ভূ-পৃষ্ঠে উপস্থিত হবে।
হে রাসূল! মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?
যখন তার রব তাকে পবিত্র ‘তুওয়া’ উপত্যকায় ডেকেছিলেন,
(তখন তিনি বলেছিলেন:) ‘ফির‘আউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালঙ্ঘন করেছে।’
অতঃপর তাকে বলো: ‘তোমার কি ইচ্ছা আছে যে, তুমি (কুফরী ও পাপাচার থেকে) পবিত্র হবে?’
‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথপ্রদর্শন করবো, যাতে তুমি তাঁকে ভয় করো?’
অতঃপর মূসা (আ:) তাকে বিরাট নিদর্শন দেখালেন।[১]
কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হলো।
তারপর সে পেছনে ফিরে (মূসার বিরুদ্ধে) তৎপর হয়ে চেষ্টা চালাল।
অতঃপর সে[১] লোকদেরকে একত্র করে ঘোষণা দিল,
অতঃপর সে (ফিরাউন) বলল: ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব।’
অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার শাস্তিতে পাকড়াও করলেন।[১]
নিশ্চয় যে আল্লাহকে ভয় করে, তার জন্য এতে রয়েছে শিক্ষা।
(হে পুনরুত্থান অস্বীকারকারীরা!) তোমাদেরকে সৃষ্টি করা কি অধিক কঠিন, নাকি আসমানকে? তিনিই তো তা নির্মাণ করেছেন।
তিনি এর ছাদকে উচ্চ করেছেন এবং তাকে সুবিন্যস্ত করেছেন।
আর (সূর্যাস্ত ঘটিয়ে) তিনি এর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং (সূর্য উদিত করে) এর দিনকে প্রকাশ করেছেন।
এরপর তিনি জমিনকে বিস্তৃত করেছেন।
তিনি এর (জমিনের) ভিতর থেকে তার পানি ও উদ্ভিদরাজি বের করেছেন।
আর তিনি পর্বতমালাকে দৃঢ়ভাবে গেড়ে দিয়েছেন।
(তিনি এ সব কিছু সৃষ্টি করেছেন) তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।
অতঃপর যখন মহাপ্রলয় (কিয়ামত) আসবে।
সেদিন মানুষ একে একে সব (ভালো-মন্দ) স্মরণ করবে, যা সে (দুনিয়াতে করার) চেষ্টা করেছে।
আর জাহান্নামকে দর্শকদের সম্মুখে প্রকাশ করা হবে ।
সুতরাং যে সীমালঙ্ঘন করেছে,
এবং দুনিয়ার জীবনকে (পরকালীন জীবনের ওপর) অগ্ৰাধিকার দিয়েছে,
নিশ্চয় জাহান্নাম হবে তার আবাসস্থল।
পক্ষান্তরে যে স্বীয় রবের সামনে (হিসাব নিকাশের জন্যে) দাঁড়ানোকে ভয় করেছে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রেখেছে,
নিশ্চয় জান্নাত হবে তার আবাসস্থল।
হে রাসূল! তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ‘তা কখন সংঘটিত হবে?’
এর আলোচনার সাথে তোমার সম্পর্ক কী![১]
এর চূড়ান্ত জ্ঞান তো একমাত্র তোমার রবের কাছেই রয়েছে।
তুমি তো কেবল তাকেই সতর্ককারী, যে কিয়ামত সম্পর্কে ভীত-সন্ত্রস্ত।
যেদিন তারা কিয়ামত দেখতে পাবে, সেদিন তাদের মনে হবে, যেন তারা (দুনিয়ায়) এক সন্ধ্যা বা এক সকালের বেশী অবস্থান করেনি।

